টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১৫ জনের। ঈদুল আজহা উপলক্ষে উত্তরবঙ্গে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আগেই রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো তাদের। দুর্ঘটনায় আরও অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। একই এলাকায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা এলাকার সরাতৈল দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রড ও অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। ট্রাকে থাকা যাত্রীরা ভারী রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রডের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনার এই ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল ও গ্রামের বাড়িগুলো। ঈদের নতুন কাপড়, আনন্দ আর স্বপ্নের বদলে এখন শুধু কান্না আর শোক।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী