দেবীদ্বারে বিকাশ কর্মীর আত্মহত্যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছিনতাই হওয়া বিকাশের টাকা পরিশোধে কোম্পানির চাপ সহ্য করতে না পেরে মো. ফয়সাল মিয়া (২৫) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৭ মে) বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
নিহত ফয়সাল দেবীদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বড়আলমপুর গ্রামের সাবেক সেনাসদস্য নাছির উদ্দিন বাচ্চু মিয়ার ছেলে। তিনি মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এম এস নিজাম উদ্দিন আহমেদ বিকাশ ডিস্ট্রিবিউশন এজেন্সিতে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ মে সকালে বিকাশের ৮ লাখ টাকা নিয়ে লেনদেনের উদ্দেশ্যে বের হন ফয়সাল। দুপুরে মুরাদনগরের ডালপা এলাকায় একদল ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়। পরে হাসপাতালে চিকিৎসা নেন ফয়সাল। তাঁর শরীরের বিভিন্ন স্থানে অন্তত ২০টি সেলাই দিতে হয়।
ঘটনার পর বিকাশ কোম্পানির ম্যানেজার রিপন মিয়াকে সঙ্গে নিয়ে বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ করেন ফয়সাল। তবে পরিবারের অভিযোগ, এরপর থেকেই ছিনতাই হওয়া টাকা পরিশোধের জন্য তাঁকে নানাভাবে চাপ দেওয়া হচ্ছিল।
ফয়সালের বাবা নাছির উদ্দিন বাচ্চু মিয়া বলেন, “ডিউটির সময় ছিনতাইকারীরা আমার ছেলের কাছ থেকে ৮ লাখ টাকা নিয়ে যায়। এরপর সেই টাকা পরিশোধ করতে চাপ দেওয়া হয়। মানসিক চাপ সহ্য করতে না পেরে আমার ছেলে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।”
নিহতের স্ত্রী আয়শা আক্তার বলেন, “ম্যানেজার টাকা নিয়ে চাপ দিত। আমার স্বামী বলতো, এতদিন কাজ করেও এখন তাকেই টাকা পরিশোধ করতে হবে। মৃত্যুর আগে সে আমাকে শেষ মেসেজে বলেছিল, ‘তোমার সঙ্গে আর কোনোদিন কথা হবে না, ছেলেটাকে দেখে রেখো।’”
পরিবারের দাবি, মঙ্গলবার (২৬ মে) দুপুরে ফয়সাল কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকে গৌরীপুর ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেওয়া হলেও আইসিইউ না পেয়ে জেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বিকাশ ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার রিপন মিয়া। তিনি বলেন, “আমরা কোনো ধরনের চাপ দিইনি। ঘটনার পর চিকিৎসার ব্যবস্থাও করেছি। থানায় অভিযোগ করতেও আমরা সঙ্গে ছিলাম। এখন তার মৃত্যুর খবর পেয়েছি।”
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শেষ পর্যন্ত দেবীদ্বারে বিকাশ কর্মীর আত্মহত্যা ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এবিএম আতিকুর রহমান বাশার :