গাইবান্ধার পলাশবাড়ীতে দ্রুতগামী নৈশকোচের ধাক্কায় অটোরিকশাকে লক্ষ্য করে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছে। এতে অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৭ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে ঢাকা–রংপুর জাতীয় মহাসড়কের পলাশবাড়ী পৌর এলাকার রাইগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিন তথ্য ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী নৈশকোচ রাইগ্রাম মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক ছিদ্দিক (৪০), যাত্রী কলেজ ছাত্র হাসান (১৮) এবং আরেক যাত্রী মারুফ (১৭) গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তিনজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
পথিমধ্যে অটোরিকশা চালক ছিদ্দিক ও কলেজ ছাত্র হাসান মারা যান।
গুরুতর আহত মারুফকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে স্থানান্তর করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত ছিদ্দিক পলাশবাড়ী পৌর এলাকার পশ্চিম গোয়ালপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে এবং নিহত হাসান একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসতিয়াক আমিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের মতে, ঢাকা–রংপুর মহাসড়কে দ্রুতগতির যানবাহনের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা থেকে :