প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘প্রমাণ থাকলে প্রকাশ করুন’— জুলকারনাইন সায়েরকে খোলা চিঠিতে মেহেদী হাসান বাবুর জবাব

মেহেদী হাসান বাবুর জবাব
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

ফেসবুক পোস্টে অভিযোগের জবাব দিলেন মেহেদী হাসান বাবু

সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান বাবুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টের জবাব দিয়েছেন তিনি। শনিবার (৩১ মে) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পরিচিত Zulkarnain Saer-এর একটি পোস্টের প্রতিবাদ জানান মেহেদী হাসান বাবু।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তথ্য-প্রমাণবিহীন এবং বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে করা হয়েছে। তিনি বলেন, অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

মেহেদী হাসান বাবুর ভাষ্য অনুযায়ী, পোস্টটি দেখার পর তিনি তাৎক্ষণিকভাবে জুলকারনাইন সায়েরের ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেন এবং নিজের আপত্তির কথা জানানোর উদ্যোগ নেন। তবে কোনো সাড়া না পাওয়ায় তিনি প্রকাশ্যে নিজের অবস্থান তুলে ধরতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, একজন আন্তর্জাতিক সাংবাদিক হিসেবে পরিচিত ব্যক্তির কাছ থেকে তথ্য যাচাই ছাড়া এ ধরনের অভিযোগমূলক পোস্ট প্রত্যাশিত নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, শুধুমাত্র কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ছবি থাকা বা পরিচিতি থাকার ভিত্তিতে কাউকে কোনো অপরাধ বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা যৌক্তিক নয়।

মেহেদী হাসান বাবু তার পোস্টে আরও উল্লেখ করেন, তিনি একজন ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন ধরে শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং নিয়মিত কর প্রদান করে আসছেন। তার প্রতিষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ কাজ করছেন বলেও তিনি দাবি করেন।

পোস্টে তিনি নিজের বিরুদ্ধে আনা “ফ্যাসিবাদের দোসর” আখ্যারও প্রতিবাদ জানান। তিনি বলেন, অতীতে একটি রাজনৈতিক মামলায় আইনি সহায়তা দিতে গিয়ে নিজেও হয়রানির শিকার হয়েছেন এবং প্রায় এক মাস কারাবন্দি ছিলেন। এ সংক্রান্ত নথিপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে বলেও উল্লেখ করেন।

এছাড়া কিছু ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে যে দাবি করা হয়েছে, তা প্রত্যাখ্যান করে মেহেদী হাসান বাবু বলেন, সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে তার কখনো সাক্ষাৎ পর্যন্ত হয়নি। তাই অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ প্রকাশের আহ্বান জানান তিনি।

পোস্টের শেষাংশে তিনি জানান, সম্প্রতি বাংলাদেশ পুলিশ তার নামে দেশের কোনো থানায় বিরূপ অভিযোগ নেই মর্মে একটি প্রত্যয়নপত্র দিয়েছে, যার কপিও তিনি সংযুক্ত করেছেন।

মেহেদী হাসান বাবু লেখেন, “মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে সেই স্বাধীনতা যেন তথ্যভিত্তিক, দায়িত্বশীল ও ন্যায়সংগত হয়, সেটিও সমানভাবে জরুরি।”

তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

প্রিন্ট করুন