প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাকালুকি হাওরে প্রশাসনের অভিযান: ৫৫০ কেজি পোনা মাছ জব্দ, জরিমানা ৫৫ হাজার টাকা

হাকালুকি হাওরে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ
জালালুর রহমান, মৌলভী বাজার :

এশিয়ার অন্যতম বৃহৎ জলাভূমি ও দেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওরে অবৈধভাবে পোনা মাছ আহরণ ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ জব্দ করেছে জুড়ী উপজেলা প্রশাসন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টার দিকে হাকালুকি হাওরের পাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জুড়ী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ পোনা মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. মনিরুজ্জামান। অভিযানে সার্বিক সহযোগিতা করে জুড়ী থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দকৃত পোনা মাছের বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। এছাড়া পৃথক আরেকটি অভিযানে কাপড়ের রং মিশিয়ে আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৮ অনুযায়ী আরও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে জব্দ করা পোনা মাছ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। এতে উপকারভোগীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাকালুকি হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন নিশ্চিতকরণ এবং অবৈধ পোনা মাছ শিকার বন্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন