প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

আওয়ামী লীগকে দমন নয়, সমঝোতার বার্তা দিলেন সাবির মুস্তাফা

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে দমন বা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার যে কোনো প্রচেষ্টা ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক সংঘাত ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে বলে সতর্ক করেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা। তাঁর মতে, দেশের রাজনৈতিক ইতিহাস বারবার প্রমাণ করেছে যে, কোনো বড় রাজনৈতিক শক্তিকে জোরপূর্বক রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া যায় না। বরং এমন প্রচেষ্টা দীর্ঘমেয়াদে নয়, মধ্যমেয়াদেই নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে।

শনিবার (৬ জুন) ইউটিউবভিত্তিক আলোচনা প্ল্যাটফর্ম ‘মানচিত্র’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ, বিএনপির ভূমিকা এবং জাতীয় রাজনীতির সম্ভাব্য গতিপথ নিয়ে কথা বলতে গিয়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেন।

আওয়ামী লীগকে দমন করার চেষ্টা দেশের জন্য নতুন সংঘাত ও অস্থিতিশীলতা ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা। তিনি রাজনৈতিক সমঝোতার ওপর গুরুত্বারোপ করেছেন।

সাবির মুস্তাফা বলেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে বিএনপি ও সরকার ভালোভাবেই অবগত। অতীতে রাজনৈতিক দমন-পীড়নের কী ফল হয়েছে, সে অভিজ্ঞতা তাদের রয়েছে। তাই তারা কখনো বলতে পারবে না যে, কোনো রাজনৈতিক সিদ্ধান্তের সম্ভাব্য পরিণতি সম্পর্কে তারা অবগত ছিল না।

তিনি বলেন, “যদি কেউ মনে করে আওয়ামী লীগের জনসমর্থন নেই, দলটি দুর্বল হয়ে গেছে এবং এই সুযোগে তাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যাবে, তাহলে সেটি হবে বড় ধরনের রাজনৈতিক ভুল। কারণ আওয়ামী লীগ এর আগেও রাজনৈতিকভাবে কোণঠাসা হয়েছিল, মাটির সঙ্গে মিশে গিয়েছিল বলেও অনেকে মনে করেছিলেন। কিন্তু বাস্তবতা হলো, সেই অবস্থান থেকে দলটি আবার ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে।”

‘২০২৪ সালের পরিস্থিতি আর নেই’

সাবির মুস্তাফার মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ২০২৪ সালের পরিস্থিতি থেকে অনেকটাই ভিন্ন। সে সময় যে ধরনের জনমত, রাজনৈতিক পরিবেশ ও ক্ষমতার সমীকরণ ছিল, এখন তা আর নেই।

তিনি বলেন, “আজ যদি কেউ মনে করে আবারও আওয়ামী লীগকে একইভাবে দমন করা যাবে, তাহলে সেটি বাস্তবসম্মত চিন্তা হবে না। কারণ ২০২৪ সালে যে পরিস্থিতি ছিল, এখন সেই পরিস্থিতি নেই। আর চাইলেই সেই ধরনের পরিবেশ হঠাৎ করে তৈরি করাও সম্ভব নয়।”

তাঁর মতে, আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো, দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্য এবং দেশের বিভিন্ন স্তরে থাকা সমর্থনভিত্তিকে অস্বীকার করা যাবে না। ফলে দলটিকে পুরোপুরি রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার কৌশল শেষ পর্যন্ত উল্টো ফল বয়ে আনতে পারে।

দমননীতি বাড়াবে সংঘাতের ঝুঁকি

সাবির মুস্তাফা আশঙ্কা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ধারাবাহিক দমননীতি অব্যাহত থাকলে দেশে নতুন করে সংঘাতময় রাজনৈতিক পরিবেশ তৈরি হতে পারে।

তার ভাষায়, “দমননীতি হয়তো সাময়িকভাবে কিছু ফল দিতে পারে। কিন্তু এর পরিণতি সুখকর হবে না। শুধু আওয়ামী লীগের জন্য নয়, কারো জন্যই সুখকর হবে না। ধীরে ধীরে একটি অস্থিতিশীলতা তৈরি হবে, সংঘাতের পটভূমি তৈরি হবে। রাজনৈতিক মেরুকরণ আরও গভীর হবে।”

তিনি মনে করেন, কোনো রাজনৈতিক শক্তিকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা কঠিন। বরং এতে প্রতিশোধের রাজনীতি, উত্তেজনা ও অনিশ্চয়তা বাড়তে পারে।

সরকারের সামনে দুই পথ

সাক্ষাৎকারে সাবির মুস্তাফা সরকারের সামনে দুটি সম্ভাব্য পথের কথাও উল্লেখ করেন। প্রথমত, সরকার চাইলে আরও কঠোর দমননীতি অনুসরণ করতে পারে। তবে তাঁর মতে, সেই পথ দেশে সংঘাতের সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে।

দ্বিতীয়ত, সরকার চাইলে রাজনৈতিক সমঝোতার পথে হাঁটতে পারে এবং আওয়ামী লীগকে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে মূলধারার রাজনীতিতে ফিরে আসার সুযোগ দিতে পারে।

তিনি বলেন, “সরকার চাইলে দমননীতির পথেই এগোতে পারে। কিন্তু এতে সংঘাত বাড়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, যদি তারা দমননীতি থেকে সরে এসে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা করে এবং তাদের রাজনীতিতে ফেরার সুযোগ দেয়, তাহলে সেটি দেশের জন্য তুলনামূলক ইতিবাচক হতে পারে।”

‘বল এখন সরকারের কোর্টে’

সাবির মুস্তাফা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মূলত সরকারের হাতেই। সরকার কোন পথ বেছে নেবে, তার ওপরই দেশের রাজনৈতিক ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করছে।

তিনি বলেন, “এখন বলটা সরকারের কোর্টে। তারা সিদ্ধান্ত নেবে, তারা কি সংঘাতমুখী রাজনীতির দিকে যাবে, নাকি রাজনৈতিক সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ বেছে নেবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাবির মুস্তাফার এই মন্তব্য দেশের চলমান রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা এবং জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে।

প্রিন্ট করুন