প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কাউখালীতে পুলিশের অভিযানে শটগান উদ্ধার, যুবক আটক

পিরোজপুরে শটগান উদ্ধার
আজকের কথা ডেস্ক

পিরোজপুরের কাউখালী উপজেলায় পুলিশের বিশেষ টহল অভিযানে একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজীব সরদার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (৬ জুন) রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল এলাকায় দায়িত্ব পালনকালে সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেল আরোহী সজীব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগান হাতে তার ছবি দেখতে পান পুলিশ সদস্যরা।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ছবিতে থাকা অস্ত্রটি নিজের বলে স্বীকার করেন। একই সঙ্গে অস্ত্রটি পিরোজপুর সদর উপজেলার জুজখোলা এলাকায় তার বাড়ির পাশের একটি স্থানে লুকিয়ে রাখা হয়েছে বলেও জানান।

তথ্যের ভিত্তিতে রবিবার (৭ জুন) দুপুরে পিরোজপুর সদর থানা ও কাউখালী থানা পুলিশের যৌথ দল অভিযান পরিচালনা করে। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত চলা অভিযানে জুজখোলা এলাকার একটি ডোবা থেকে একটি শটগান উদ্ধার করা হয়।

আটক সজীব সরদার পিরোজপুর সদর উপজেলার ১ নম্বর শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের জাফর সরদারের ছেলে।

পিরোজপুরের পুলিশ সুপার মো. মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, ব্যবহার এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট করুন