প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

ভৈরবে ২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক, মাদক পাচারের অভিযোগ

ভৈরবে গাঁজাসহ আটক
আজকের কথা ডেস্ক

কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক দম্পতিক আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও পাচারের সঙ্গে জড়িত বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর।

আকবরনগর বাসস্ট্যান্ডে অভিযানে ধরা, উদ্ধার ২ কেজি গাঁজা

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকার বাসিন্দা মো. ঝন্টু মিয়া (৩৬) এবং তার স্ত্রী আঁখি আক্তার শিউলী (২৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ নজরদারি চালানো হয়। একপর্যায়ে ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি ভাড়াকৃত সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় আঁখি আক্তার শিউলীর হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে কাপড়ে মোড়ানো এবং স্কচটেপে প্যাঁচানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তারা ভৈরবে আসে। পরে সেখান থেকে যানবাহন পরিবর্তন করে কিশোরগঞ্জের দিকে যাওয়ার চেষ্টা করছিল।

পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, আটককৃত স্বামী-স্ত্রী চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে ভৈরবসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। স্বামী-স্ত্রী পরিচয়ের সুযোগ নিয়ে তারা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে দেশের বিভিন্ন এলাকায় মাদক পরিবহন ও সরবরাহ করে আসছিল।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মাদক পাচারকারীরা প্রায়ই ভৈরবকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে থাকে। উদ্বেগজনকভাবে নারী মাদক কারবারিদের সম্পৃক্ততাও দিন দিন বাড়ছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

প্রিন্ট করুন