সেচ পাম্পের বৈদ্যুতিক তার কাটার সময় দুর্ঘটনা, ঘটনাস্থলেই প্রাণ গেল যুবকের
জামালপুরের সরিষাবাড়ীতে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপু মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া এলাকার গামার বিল সংলগ্ন একটি সেচ পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিপু মিয়া কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্বপাড়া গ্রামের উসমান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর বিদেশে থাকার পর দেশে ফিরে আসেন নিপু মিয়া। পরে তিনি বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েন বলে স্থানীয়দের অভিযোগ। নেশার খরচ জোগাড় করতে তিনি প্রায়ই অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তেন বলেও দাবি এলাকাবাসীর।
স্থানীয়দের ভাষ্যমতে, রোববার গভীর রাতে গামার বিলে অবস্থিত মজিবর রহমান ও অপর এক সেচ পাম্প মালিকের পাম্পে সংযুক্ত বৈদ্যুতিক সার্ভিস তার চুরি করতে যান নিপু। একপর্যায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই তার কাটার চেষ্টা করলে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন।
উচ্চ ভোল্টেজের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। রাতের অন্ধকারে বিষয়টি কেউ টের না পেলেও সোমবার সকালে স্থানীয় পথচারীরা মাঠের মধ্যে বৈদ্যুতিক তারে জড়ানো অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে সরিষাবাড়ী থানার এসআই শাহীনুর ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, মাদকাসক্তি ও অপরাধপ্রবণতা তরুণদের ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিচ্ছে, যার করুণ পরিণতি হলো এ ধরনের ঘটনা।

আজকের কথা ডেস্ক