প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিরামপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাংবাদিকের স্ত্রী নিহত

বিরামপুরে বাস দুর্ঘটনা
তনুজা শারমিন তনু, দিনাজপুর থেকে :

দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সেলিনা বেগম (৪৫) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি দৈনিক পত্রালাপ পত্রিকার হাকিমপুর প্রতিনিধি তৌহিদুর রহমান রানার স্ত্রী এবং জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে বিরামপুর পৌর শহরের টাটকপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

মেয়েকে স্কুলে রেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, শোকের ছায়া সাংবাদিক মহলে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা বেগম পরিবারের সদস্যদের সঙ্গে চিরিরবন্দর এলাকার একটি আবাসিক বিদ্যালয়ে মেয়েকে রেখে হাকিমপুরে ফিরছিলেন। পথে বিরামপুর পৌর শহরের টাটকপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে সেলিনা বেগমের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠান। তবে রংপুর নেওয়ার পথেই তিনি মারা যান।

সেলিনা বেগমের মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা হিসেবে এলাকায় তার সুনাম ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার মিলন ও সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, দুর্ঘটনায় জড়িত সিএনজি ও হানিফ পরিবহনের বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট করুন