ধরলা নদীর স্রোতে তলিয়ে যাওয়া দুই ভাইকে জীবিত ফেরানো গেল না, শোকে স্তব্ধ পরিবার
লালমনিরহাটের মোগলহাট সীমান্তসংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আপন দুই ভাইয়ের মরদেহ প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তারা মোগলহাট বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) দুপুরে দুই ভাই তাদের এক বন্ধুকে সঙ্গে নিয়ে ধরলা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা ভেসে যেতে শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে তাদের সঙ্গে থাকা বন্ধু প্রাণপণে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শাওন ও সাব্বির স্রোতের টানে নদীর গভীরে তলিয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ দুই ভাইকে উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান চালায়।
টানা প্রায় ৩০ ঘণ্টা অনুসন্ধানের পর সোমবার দুই ভাইয়ের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। দীর্ঘ সময়ের উদ্ধার অভিযানের পর মরদেহ উদ্ধারের খবরে স্বজনদের মধ্যে নেমে আসে শোকের মাতম।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশী ও সহপাঠীরাও শাওন ও সাব্বিরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয়রা বলছেন, ধরলা নদীর তীব্র স্রোত ও গভীরতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বর্ষা মৌসুমে নদীতে গোসল বা সাঁতার কাটার ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

আজকের কথা ডেস্ক