প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, মুরাদনগরে চাঞ্চল্য

মুরাদনগরে ট্রান্সফরমার চুরি
ফাহিমা বেগম প্রিয়া

বৈদ্যুতিক খুঁটির নিচে মিলল মরদেহ, চুরির চেষ্টা ঘিরে নানা প্রশ্ন

কুমিল্লার মুরাদনগরে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সোমবার (৮ জুন) সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের স্বর্ণকারপাড়া এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাসেল মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার কোনাগাঁও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে কয়েকজন ব্যক্তি ওই এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে আসে। এ সময় ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে এসে রাসেল মিয়া গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা বৈদ্যুতিক খুঁটির নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এগিয়ে যান। পরে তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েছে। এসব অপরাধ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

প্রিন্ট করুন