প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত, সতর্ক থাকার আহ্বান বিজিবির

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত
রশিদ আহমদ, বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীনস্থ রেজুআমতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার-৩৯ সংলগ্ন এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহ আলমের কলাবাগানে কাজ করার সময় হঠাৎ মাইন বিস্ফোরণের শিকার হন এফডিএমএন সদস্য আব্দুল খালেক (৩৫)। বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আব্দুল খালেক কক্সবাজারের উখিয়া উপজেলার এফডিএমএন ক্যাম্প-১-এর ব্লক-সি এলাকার বাসিন্দা এবং মো. আনুর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি জানান, সীমান্তবর্তী এলাকায় এখনও মাইন বিস্ফোরণের ঝুঁকি বিদ্যমান রয়েছে। তাই জনসাধারণকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করার আহ্বান জানানো হচ্ছে।

তিনি বলেন, “সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ল্যান্ডমাইনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে বিজিবি নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সীমান্ত সংলগ্ন জনগণের মাঝে সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।”

বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত না করার পাশাপাশি সন্দেহজনক কোনো বস্তু বা এলাকা দেখলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের এ ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জনগণের প্রতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিজিবি।

প্রিন্ট করুন