প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

একে অপরকে আসামি করে জেলে গেলেন স্বামী-স্ত্রী

ফেনীতে পাল্টাপাল্টি মামলা
ফাহিমা বেগম প্রিয়া, বিশেষ প্রতিবেদক :

ফেনীতে পাল্টাপাল্টি মামলায় স্বামী-স্ত্রী কারাগারে, আদালতের নির্দেশে দুজনই হাজতে

ফেনীতে একে অপরের বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলায় আদালতের নির্দেশে স্বামী ও স্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। পাল্টাপাল্টি অভিযোগে করা দুটি মামলার শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

বুধবার (১০ জুন) দুপুরে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বিরোধ দেখা দেয়।

স্বামীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রায় দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহযোগিতায় বাড়ি থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে চলে যান। এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে নাসিমা আক্তারের বিরুদ্ধে আদালতে চুরির মামলা দায়ের করেন।

অন্যদিকে নাসিমা আক্তার অভিযোগ করেন, বিয়ের পর থেকে তাকে যৌতুকের জন্য চাপ দেওয়া হচ্ছিল। এ অভিযোগে তিনি তার স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন।

বুধবার আদালতে উভয় মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী মো. সুমনকে এবং স্বামীর পরিবারের দায়ের করা চুরির মামলায় স্ত্রী নাসিমা আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আদালতের এ আদেশের ফলে একই পরিবারের স্বামী-স্ত্রী দুজনকেই পৃথক মামলায় কারাগারে যেতে হয়েছে, যা স্থানীয়দের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

প্রিন্ট করুন