বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান প্রধান নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ জিসান প্রধানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ জানান, বৃহস্পতিবার রাতে জিসানের বাড়িতে ফেরার কথা ছিল। তবে এশার নামাজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। একই সঙ্গে তার ফেসবুক অ্যাকাউন্টও নিষ্ক্রিয় (ডিঅ্যাকটিভ) করা হয়েছে।
তিনি বলেন, “রাত ৮টা ২৯ মিনিট পর্যন্ত জিসানের হোয়াটসঅ্যাপে কার্যক্রম দেখা গেছে। এরপর থেকে তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে আমরা চরম উদ্বেগে রয়েছি। আমাদের আশঙ্কা, তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”
এদিকে, জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন দাউদকান্দি উপজেলা যুববিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ জানান, জিসান বৃহস্পতিবার ঢাকা থেকে দাউদকান্দিতে আসেন এবং মডেল মসজিদে এশার নামাজ আদায় করেন।
পরে তার উপজেলার বিরবাগগোয়ালী গ্রামের বাড়িতে যাওয়ার কথা থাকলেও তিনি আর বাড়ি পৌঁছাননি।
তিনি বলেন, “জিসানের সন্ধান না পাওয়ায় আমরা উদ্বিগ্ন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত তাকে খুঁজে বের করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার তদন্ত পরিদর্শক মো. সামছুল আলম প্রধান বলেন, “নিখোঁজের বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
জিসান প্রধানের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার, সহকর্মী ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তার দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তনের দাবি জানিয়েছেন স্বজনরা।

আজকের কথা ডেস্ক