৫১ হাজার গাছ রোপণ করে পরিবেশ সুরক্ষায় গড়েছেন অনন্য দৃষ্টান্ত
গাছ লাগানো যার নেশা, পরিবেশ রক্ষা যার আজীবনের অঙ্গীকার—তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ। দীর্ঘদিন ধরে নিরলস বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করে তিনি স্থানীয়দের কাছে পরিচিত হয়েছেন ‘সবুজের ফেরিওয়ালা’ ও ‘সবুজ বিপ্লবী’ নামে।
শৈশব থেকেই প্রকৃতি ও বৃক্ষের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। বন্ধুদের নিয়ে একসময় নিজ এলাকায় হাজার হাজার তালবীজ রোপণ করেছিলেন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় আজ গড়ে উঠেছে স্থানীয়ভাবে পরিচিত ‘শহরাই তালপার্ক’। সময়ের সঙ্গে সঙ্গে বৃক্ষপ্রেমের এই উদ্যোগ আরও বিস্তৃত হয়েছে।
নিজস্ব অর্থায়নে রাইগাঁ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, রাস্তার পাশ এবং খাসজমিতে ফলদ, বনজ, ঔষধি ও ফুলের গাছ রোপণ করেছেন তিনি। শুধু নিজের ইউনিয়নেই নয়, মহাদেবপুর ও বদলগাছী উপজেলাসহ নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত বৃক্ষরোপণ করে চলেছেন।
বৃক্ষপ্রেমী এই মানুষটি যেখানে যান, সেখানেই অন্তত কয়েকটি গাছ লাগানোর চেষ্টা করেন। তার সবুজায়ন কার্যক্রম ছড়িয়ে পড়েছে সান্তাহার ও আক্কেলপুর রেলস্টেশন, রাজশাহী, চলনবিল, ছাতরা বিল, হাসাইগাড়ি বিল, পাহাড়পুর বৌদ্ধবিহার, হলুদ বিহার, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারসহ দেশের নানা অঞ্চলে।
পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ডাবরকুড়ি থেকে পয়নরী পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কের দুই পাশে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পলাশ, শিমুলসহ বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও বনজ গাছ রোপণ করেছেন তিনি। এই নয়নাভিরাম সবুজ করিডোরের নাম দিয়েছেন ‘আরিফ কৃষ্ণচূড়া ভ্যালি’। ইতোমধ্যে এটি এলাকাবাসীর কাছে একটি পরিচিত ও আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।
শুধু একজন শিক্ষক বা জনপ্রতিনিধি হিসেবেই নয়, অধ্যক্ষ আরিফ একজন কবি, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও সুপরিচিত। সমাজ ও পরিবেশ উন্নয়নে তার বহুমুখী কর্মকাণ্ড স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
অধ্যক্ষ আরিফুর রহমান বলেন,
“একদিনও যদি গাছ লাগাতে বা পরিচর্যা করতে না পারি, তাহলে অস্থির লাগে। গাছগুলোকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসি। প্রকৃতি ও বৃক্ষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে।”
স্থানীয়দের ভাষ্য, অত্যন্ত সাদাসিধে, ভদ্র ও মিশুক স্বভাবের এই মানুষটি একজন আদর্শ শিক্ষক, জনপ্রিয় জনপ্রতিনিধি এবং নিবেদিত সমাজসেবক। তার উদ্যোগে এলাকার পরিবেশ যেমন বদলেছে, তেমনি বেড়েছে মানুষের পরিবেশ সচেতনতা।
জানা গেছে, এ পর্যন্ত তিনি প্রায় ৫১ হাজার গাছ রোপণ করেছেন। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন,
“প্রত্যেক মানুষ যদি অন্তত তিনটি করে গাছ লাগান, তাহলে দেশ আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।”

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি :