প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডিএনডি লেকে তলিয়ে গেলেন একই পরিবারের ভগ্নিপতি-শ্যালক-শালিকা, নিহত ৩

একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু
আজকের কথা ডেস্ক

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে মর্মান্তিক দুর্ঘটনা: গোসলে নেমে কিশোরীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে ভগ্নিপতি, শ্যালক ও শালিকা।

নিহতরা হলেন— গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুজ্জামান, নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকার আকরাম মিয়ার ছেলে গালিব এবং সুরাইয়া আক্তার। তারা সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী এলাকার অ্যাডভোকেট জালাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্র ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাশেদুজ্জামান তার শ্যালক গালিব ও শালিকা সুরাইয়া আক্তারকে নিয়ে ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যান।

প্রায় আধা ঘণ্টা পার হলেও তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

দীর্ঘ চেষ্টার পর ডুবুরিরা লেকের পানির নিচ থেকে প্রথমে রাশেদুজ্জামানের এবং পরে গালিব ও সুরাইয়া আক্তারের মরদেহ উদ্ধার করেন।

একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

প্রিন্ট করুন