প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫; গাঁজাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা
আজকের কথা ডেস্ক

ফাইটার মনিরকে ছাড়াতে হামলা, গুলিবর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় এক উপ-পরিদর্শক (এসআই)সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় কথিত শীর্ষ মাদক ব্যবসায়ী মনির ওরফে ‘ফাইটার মনির’সহ তিনজনকে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) দিবাগত রাতে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ফাইটার মনির (৩৮), নাঈম (২৮) এবং মাসুম (২৪)।

আহত পুলিশ সদস্যরা হলেন— এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন এবং কনস্টেবল আশিক। আহতদের নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে এসআই নন্দন সরকারের নেতৃত্বে একটি পুলিশ দল মাসদাইর গুদারাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ১৫ কেজি গাঁজাসহ ফাইটার মনির এবং তার সহযোগী নাঈম ও মাসুমকে আটক করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মনিরের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপ করে।

হামলার মুখে পুলিশ আত্মরক্ষার্থে শটগান থেকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় হামলাকারীদের ছোড়া গুলিতে ফাইটার মনিরের পায়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা দ্রুত সরে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানে ফাইটার মনিরসহ তিনজনকে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের ছাড়িয়ে নিতে একটি সংঘবদ্ধ চক্র পুলিশের ওপর হামলা চালায়। হামলার সময় গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়, এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।”

তিনি আরও জানান, ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

প্রিন্ট করুন