প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দর্শনা সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ

দর্শনা সীমান্তে পুশইনের চেষ্টা
রোমানা আক্তার, বিশেষ প্রতিবেদক :

ভোরে সীমান্তে উত্তেজনা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-গেদে সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতা ও কঠোর অবস্থানের কারণে ওই চেষ্টা সফল হয়নি।

রোববার (১৪ জুন) ভোর প্রায় ৫টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী ছিলেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় সীমান্ত অতিক্রমের চেষ্টা করা ব্যক্তিদের সীমান্তের কাটাতারের নিকটবর্তী এলাকায় অবস্থান করতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।

পরে ওই ব্যক্তিরা সীমান্ত এলাকার অন্যত্র সরে যান বলে জানা গেলেও তারা বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “সীমান্তে যেকোনো ধরনের পুশইন, চোরাচালান কিংবা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।”

বিজিবি সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দায়িত্বাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার প্রায় ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপতৎপরতা প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থান বজায় রেখেছে।

প্রিন্ট করুন