প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুরে ইয়াবাসহ গ্রেপ্তার
নাজমুল ইসলাম হৃদয়, হবিগঞ্জ থেকে :

কালিগঞ্জ বাজারে ডিবি পুলিশের অভিযানে আটক যুবক এখন জেল হাজতে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. শাহ আলম (৩৮)। তিনি মাধবপুর উপজেলার ছাতিয়াইন উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মো. ডোগাই মিয়া এবং মাতা আনোয়ারা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ১০টার দিকে মাধবপুর থানার বাঘাশুরা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন শাহ আলমকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে এসআই সাকিব হোসেন, এসআই স্বপন চন্দ্র, এএসআই মো. নাঈম মিয়া, এএসআই গোলাম সারোয়ারসহ ডিবির একটি চৌকস দল অংশ নেয়।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, হবিগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন