প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নওগাঁয় স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় অপহরণের অভিযোগ, মেয়েকে উদ্ধারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন

নওগাঁয় স্কুলছাত্রী অপহরণের অভিযোগ
আজকের কথা ডেস্ক

দ্রুত উদ্ধার ও গ্রেপ্তারের দাবি

নওগাঁর বদলগাছী উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় অপহরণের অভিযোগ তুলে মেয়েকে দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার মা।

রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১১টায় বদলগাছী চারমাথা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার কয়া ভবানীপুর গ্রামের বাসিন্দা মোছা. নেসপাতি বেগম।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৭ জুন সকাল আনুমানিক ৭টার দিকে তার ছোট মেয়ে নাছরিন আক্তার (১৩) প্রতিদিনের মতো কোচিং ও স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্থানীয় সূত্রে তারা জানতে পারেন, ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের মগলের গোল পাকা রাস্তা এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে নাছরিনকে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের অভিযোগ, এ ঘটনার মূল পরিকল্পনাকারী তাদের প্রতিবেশী মো. রায়হান হোসেন (২৫)। তিনি উপজেলার কয়া ভবানীপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় বাসিন্দা মো. বেলাল হোসেনের ছেলে। এ ঘটনায় রায়হানকে সহযোগিতা করার অভিযোগে আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীর পরিবার।

সংবাদ সম্মেলনে নেসপাতি বেগম বলেন, মেয়ের অবস্থান সম্পর্কে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সহযোগিতা করেননি। বরং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, বর্তমানে তার নাবালিকা মেয়ে ও অভিযুক্ত রায়হান অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। এতে মেয়ের নিরাপত্তা নিয়ে পরিবার চরম উৎকণ্ঠা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।

নেসপাতি বেগম নওগাঁ জেলা পুলিশ প্রশাসন, পুলিশ সুপার এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, নাবালিকা মেয়েকে নিরাপদে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাছরিনের বাবা মো. হিটলার, বড় ভাই মো. নাসিব হোসেন, স্থানীয় সাবেক মেম্বার সাইফুল ইসলাম, আধাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জিল্লুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তারা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, “এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। আশা করছি দ্রুত অগ্রগতি হবে।”

প্রিন্ট করুন