বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের উৎসাহ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাভাবনা এবং জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার হলরুমে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর উদ্যোগে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে এবং খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, পূবালী ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক ফারহানা রহমান সীমুন, ডা. আব্দুল আল মুত্তাকী জীবনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাবিদরা।
কুইজ প্রতিযোগিতায় উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজ্ঞান ও সাধারণ জ্ঞানভিত্তিক বিভিন্ন প্রশ্নের মাধ্যমে প্রতিযোগীরা তাদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনে আগ্রহী করে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ফাহিমা বেগম প্রিয়া, বিশেষ প্রতিবেদক :