সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে উন্নয়ন সংস্থা
পটুয়াখালী সদর উপজেলার ৬২ নম্বর ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।
সোমবার (১৫ জুন) সকালে কোডেকের ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, খাতা এবং পানির পট (ওয়াটার পট) বিতরণ করা হয়।
কোডেকের পটুয়াখালী সদর শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) শাহানাজ বেগম শিল্পী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতিমা বেগম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য শিক্ষা উপকরণ সহায়তা তাদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
তারা আরও বলেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোরও এগিয়ে আসা প্রয়োজন। শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার মাধ্যমে তাদের বিদ্যালয়মুখী রাখা সহজ হবে।
শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কোডেকের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কোডেকের কর্মকর্তারা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদক :