প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, যুবকের বিরুদ্ধে মামলা

IMG 20260615 WA0005
আজকের কথা ডেস্ক

অভিযুক্ত পলাতক, গ্রেপ্তারে অভিযান

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় ১১ বছর বয়সী এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মুন্না (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

রোববার (১৪ জুন) রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সোমবার (১৫ জুন) দুপুরে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত মুন্না উপজেলার রানাহিজল গ্রামের শহীদ আলম ছোটনের ছেলে। তিনি মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুর এলাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, ভুক্তভোগী শিশুটি রানাহিজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একটি অস্বচ্ছল পরিবারের সদস্য। পরিবারসহ সে অন্যের বাড়িতে বসবাস করে।

অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার রাতে শিশুটি প্রয়োজনীয় কাজে ঘরের বাইরে গেলে প্রতিবেশী মুন্না তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভয়ে শিশুটি প্রথমে ঘটনাটি পরিবারের কাউকে জানাতে পারেনি। পরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বোধ করলে রোববার তার ফুফুর কাছে পুরো ঘটনাটি খুলে বলে। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, “ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট করুন