প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমে নৈতিকতা ও জবাবদিহিতা বিষয়ক কর্মশালা

নজরুল বিশ্ববিদ্যালয় কর্মশালা
মো. মুশফিকুর রহমান তুহিন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমে নৈতিকতা, পেশাদারিত্ব এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ‘চিত্রনাট্য রচনা ও গল্প বলার ধরণ এবং চলচ্চিত্রসহ গণমাধ্যমের নৈতিকতা ও পেশাদারিত্ব নিশ্চিতকরণে জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো গঠন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চলচ্চিত্র ও গণমাধ্যম কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ গঠন, জনসচেতনতা সৃষ্টি এবং ইতিবাচক মূল্যবোধ প্রতিষ্ঠার একটি শক্তিশালী হাতিয়ার। তাই এ খাতে নৈতিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করা সময়ের দাবি।”

তিনি এ ধরনের গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং সংশ্লিষ্টদের আরও গবেষণা ও সৃজনশীল কাজের মাধ্যমে গণমাধ্যমের মানোন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষক, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক রফিকুল আনোয়ার রাসেল। তিনি তার উপস্থাপনায় চলচ্চিত্রে গল্প বলার কৌশল এবং শক্তিশালী চিত্রনাট্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একটি সুগঠিত চিত্রনাট্যই চলচ্চিত্রের প্রাণ, যা দর্শকের কাছে বাস্তবতা, অনুভূতি ও নতুন চিন্তার জগৎ উন্মোচন করতে সক্ষম।

তিনি আরও বলেন, বর্তমান ডিজিটাল যুগে অনিয়ন্ত্রিত কনটেন্ট, বিভ্রান্তিকর তথ্যপ্রবাহ এবং নৈতিক অবক্ষয়ের প্রেক্ষাপটে চলচ্চিত্র ও গণমাধ্যমে একটি কার্যকর জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শাহ মো. নিস্তার জাহান কবীর এবং চিত্রনাট্যকার ও নির্মাতা মেজবাহ উদ্দিন সুমন। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন বিসিটিআই-এর উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মোকছেদ হোসেন। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

সমাপনী পর্বে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় শিক্ষক, শিক্ষার্থী, চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। আলোচনায় দেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান বাস্তবতা, ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, নৈতিক গণমাধ্যম চর্চা এবং জবাবদিহিমূলক কাঠামো শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।

প্রিন্ট করুন