জামালপুরে সাইবার বুলিং ও লিঙ্গভিত্তিক অনলাইন সহিংসতার ঝুঁকি, প্রভাব এবং প্রতিরোধ বিষয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির আয়োজনে একাডেমির সম্মেলন কক্ষে ‘সাইবার বুলিং ও লিঙ্গভিত্তিক অনলাইন সহিংসতা: ঝুঁকি, প্রভাব ও প্রতিরোধ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক শেখ মাহবুবুল হোসেন রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোবাশ্বেরা হক এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক বিস্তারের ফলে সাইবার বুলিং এবং অনলাইন হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার), ই-মেইলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নেতিবাচক মন্তব্য, অপমানজনক পোস্ট, কুরুচিপূর্ণ কনটেন্ট এবং নারী ও শিশুদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য ও ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রবণতা বেড়েছে।
তারা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তি, পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং মানসিক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাইবার অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা জরুরি।
সেমিনারে অংশগ্রহণকারীদের অনলাইনে নিরাপদ আচরণ, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং সাইবার অপরাধের শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকের কথা ডেস্ক