কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান খোকন (৫২) আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) কুমিল্লার ৪ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা শরীফ নিশাতের আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
মিজানুর রহমান খোকন দেবীদ্বার পৌরসভার ভূষণা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি দেবীদ্বার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেবীদ্বার পৌর স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল গুলিবিদ্ধ হন। পরে পিটিয়ে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় নিহতের মা হোসনেয়ারা বেগম এবং স্থানীয় বিএনপি নেতা আবুল কাশেম পৃথকভাবে কুমিল্লার আদালতে দুটি হত্যা মামলা দায়ের করেন। মামলাগুলোতে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদসহ ১২০ জনের নাম উল্লেখ করা হয়।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মো. মিজানুর রহমান খোকন রুবেল হত্যা মামলার ৭১ নম্বর এজাহারভুক্ত আসামি।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “রুবেল হত্যা মামলার আসামি মিজানুর রহমান খোকনের আদালতে আত্মসমর্পণের বিষয়টি আমার জানা নেই। আদালতের মাধ্যমে খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হতে হবে।”

এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ প্রতিবেদক :