প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, ১৫৫ পরিবার পাচ্ছে মাসিক ভাতা

ফ্যামিলি কার্ড কর্মসূচি
আজকের কথা ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারকে মাসিক ভাতা প্রদান করা হবে।

বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে ১০ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এ সময় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারগুলোর জীবনমান উন্নয়নে এ ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। উপকারভোগীরা তাদের পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবের মাধ্যমে এই অর্থ গ্রহণ করতে পারবেন। ফলে ঘরে বসেই সহজ ও নিরাপদ উপায়ে ভাতা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।

প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে শ্রীমঙ্গল উপজেলার ১৫৫টি পরিবারকে এ সুবিধার আওতায় আনা হয়েছে। কর্মসূচির সফলতা ও কার্যকারিতা পর্যালোচনা করে পর্যায়ক্রমে আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী একই দিন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন