প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

বরিশালের শ্রেষ্ঠ ওসি গৌরনদী মডেল থানার তারিক হাসান রাসেল

শ্রেষ্ঠ ওসি তারিক হাসান রাসেল
আজকের কথা ডেস্ক

অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল। ২০২৬ সালের মে-জুন মাসের মূল্যায়নে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

গত ১৫ জুন বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভায় তার হাতে সম্মাননা সনদ ও স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলার পুলিশ সুপার। এ সময় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গৌরনদী মডেল থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ওসি তারিক হাসান রাসেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযান ও পুলিশি কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

বিশেষ করে অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ, জনগণের অভিযোগ নিষ্পত্তিতে আন্তরিকতা এবং সেবামুখী পুলিশিং কার্যক্রমের কারণে গৌরনদী মডেল থানার কার্যক্রম জেলার মধ্যে প্রশংসিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, “এই অর্জন আমার একার নয়। গৌরনদী মডেল থানার প্রতিটি পুলিশ সদস্যের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিকতার ফল এটি। আমরা ভবিষ্যতেও জনগণের জানমাল রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় গৌরনদী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

প্রিন্ট করুন