

রাজধানীর মহাখালী এলাকায় ককটেল ফাটিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একদল নেতাকর্মী। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। মিছিল ও বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালের সামনের সড়কে কয়েকশ মানুষ জড়ো হন। কিছুক্ষণ পর তারা ব্যানার নিয়ে আকস্মিকভাবে মিছিল শুরু করেন এবং মহাখালী বাস টার্মিনালের দিকে অগ্রসর হতে থাকেন। মিছিল চলাকালে কয়েকটি ককটেলের বিস্ফোরণের শব্দ শোনা যায়, এতে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, মিছিল শুরু হওয়ার পর যুব মহিলা লীগের ২০ থেকে ২৫ জন নারী কর্মীও এতে অংশ নেন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে মহাখালী এলাকায় অবস্থান নেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তবে মিছিলে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, “সকাল ৯টার পর কিছু লোক মহাখালীর সড়কে মিছিল শুরু করে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। বাকি অংশগ্রহণকারীদের শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা চলছে।”
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।