প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে জরিমানা

নওগাঁ মোবাইল কোর্ট অভিযান
নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁ শহরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। পরিবেশের জন্য ক্ষতিকর ধুলাদূষণ সৃষ্টি করায় এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার চকএনায়েত (সেবাশ্রম রোড) এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুজনুর ইসলাম সুজনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, একটি নির্মাণাধীন ভবনের মালিকপক্ষ রাস্তার ওপর বালু, পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ফেলে রেখেছে। এছাড়া এসব সামগ্রী পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ঢেকে না রাখায় বাতাসে ধুলাবালি ছড়িয়ে বায়ুদূষণের সৃষ্টি হচ্ছিল।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় আশপাশের অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদেরও সতর্ক করা হয়। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে নির্মাণসামগ্রী যথাযথভাবে সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি দল।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, “বায়ুদূষণ ও পরিবেশের ক্ষতি রোধে নিয়মিত অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”

প্রিন্ট করুন