
নওগাঁর মান্দা উপজেলায় পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে আপন ভাইয়ের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভরট্ট কাঠের ডাঙ্গা গ্রামের বাসিন্দা খালেক মাসুদের পরিবারের সঙ্গে একই গ্রামের হাসান, হাতেম ও সম্রাটদের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
এরই ধারাবাহিকতায় গত ১৪ জুন সংঘবদ্ধভাবে খালেক মাসুদের দোতলা বসতবাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা বাড়ির বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাঙচুর করে এবং স্থাপিত সিসি ক্যামেরা নষ্ট করে দেয়। এ সময় ঘরে থাকা মূল্যবান মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ ও নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা বাড়ির আশপাশে থাকা ফলজ ও বনজ গাছ কেটে বিক্রি করে দিয়েছে। হামলা, ভাঙচুর, লুটপাট ও গাছ কাটার ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীর স্ত্রী মোছা. আকলিমা পারভীন মাহমুদা বলেন, “দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে আমাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। অভিযুক্তদের হুমকির কারণে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।”
তিনি আরও বলেন, “নিজের বাড়িতেও স্বাভাবিকভাবে বসবাস করতে পারছি না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

