
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক নৌ-পরিবহন মন্ত্রী, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন-অর-রশিদ (হারুন) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম। তিনি বলেন, “অ্যাডভোকেট হারুন-অর-রশিদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া তথা জাতীয় রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।”
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের নরসিংসার গ্রামের কৃতি সন্তান হারুন-অর-রশিদ দীর্ঘ রাজনৈতিক জীবনে জেলার উন্নয়ন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি জেলা শহরের মৌলভীপাড়ার বাসিন্দা ছিলেন এবং সাধারণ মানুষের কাছে একজন জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বিভিন্ন সময়ে নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতেও তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী নেতা। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে দলকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম অ্যাডভোকেট হারুন-অর-রশিদের জানাজা ও দাফনের সময়সূচি পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

