প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

শ্রীমঙ্গল ইউনিয়ন কমপ্লেক্সে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার, আতঙ্কে শ্রমিকরা

শ্রীমঙ্গলে শঙ্খিনী সাপ উদ্ধার
জালালুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালে একটি বিষধর শঙ্খিনী (Banded Krait) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন কমপ্লেক্সের ভেতরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় শ্রমিকরা হঠাৎ একটি সাপ দেখতে পান। সাপটি শনাক্ত করতে না পেরে তারা ভীত হয়ে কাজ বন্ধ করে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

পরে শ্রমিকরা বিষয়টি পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কালাম মিয়াকে অবহিত করলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে সংগঠনটির পরিচালক সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার কার্যক্রম শুরু করেন।

পরিদর্শনের পর তারা জানান, উদ্ধার হওয়া সাপটি ‘শঙ্খিনী’ বা Banded Krait প্রজাতির, যা বাংলাদেশের অন্যতম বিষধর সাপ হিসেবে পরিচিত। এই প্রজাতির সাপের বিষ অত্যন্ত শক্তিশালী হওয়ায় মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

সাপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ইউনিয়ন কমপ্লেক্সে উৎসুক জনতার ভিড় জমে। এ সময় বন্যপ্রাণী কর্মীরা সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন এবং সতর্কতার সঙ্গে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

পরে উদ্ধারকৃত শঙ্খিনী সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে সাপটিকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, সাপ বা অন্যান্য বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের খবর দেওয়া উচিত। সচেতনতা ও যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে এ ধরনের পরিস্থিতি নিরাপদে মোকাবিলা করা সম্ভব।

প্রিন্ট করুন