

মাদকসেবন, মাদক ব্যবসা, সন্ত্রাস ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তিকে যুবদলের কোনো পর্যায়ের কমিটিতে স্থান দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বগুড়া জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
শুক্রবার (১৯ জুন) বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিঁড়া উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা যুবদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, “যুবদল একটি আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন। মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের জন্য যুবদলে কোনো জায়গা নেই। দলের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে যুবদলকে আরও শক্তিশালী ও জনমুখী সংগঠনে পরিণত করতে হবে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। তিনি নবনির্বাচিত নেতাদের উদ্দেশে বলেন, সাংগঠনিক ঐক্য, ত্যাগ ও জনসম্পৃক্ততার মাধ্যমে যুবদলকে আরও গতিশীল করতে হবে।
উপজেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি বেলাল হোসেন বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সভাপতি অ্যাডভোকেট এনামুল হক পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, সম্পাদকমণ্ডলীর সদস্য আল আমিন শানু, কামাল হোসেন, মাহমুদুল হাসান জিতু, শাকিল আহম্মেদ ও আসাদুল ইসলাম আসাদ।
এছাড়া উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র, যুগ্ম আহ্বায়ক শাহ আলম ও রাশেদুর রহমান, গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাব্বত হোসেন ও মশিউর রহমান সুমনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন এবং ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।