প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

গৃহ শিক্ষকের খপ্পর থেকে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার, ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার অভিযুক্ত

সিলেটে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার
আজকের কথা ডেস্ক

সিলেটের মোগলাবাজার এলাকা থেকে এক গৃহ শিক্ষকের খপ্পর থেকে অপহৃত নবম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এ ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষক অন্তর খাঁনকে (২৫) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া কিশোরী সিলেটের মোগলাবাজার থানার নবারুন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ২১ মে সকালে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধান না পেয়ে পরে মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

তদন্তের একপর্যায়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, মেয়েটির গৃহশিক্ষক অন্তর খাঁন প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে তাকে স্থানীয় কলাবাগান বাজার এলাকা থেকে নিয়ে যান। পরে ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তদন্তের সূত্র ধরে বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৯-এর সদর কোম্পানি, সিলেট এবং সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ দল বিজয়নগর উপজেলার চর ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মামলার একমাত্র আসামি অন্তর খাঁনকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত অন্তর খাঁনের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার এড়ালিয়া পাড়া এলাকায়।

র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ছাত্রী এবং গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ আরও জানায়, নারী ও শিশু নির্যাতন, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

প্রিন্ট করুন