
জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় গবেষণা সম্প্রসারণ এবং বৈশ্বিক গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে ‘Collaborative Research beyond Discipline: Local Experience–Global Impacts’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকরা এতে অংশগ্রহণ করে।
মূল হাইলাইটস
✓ নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত।
✓ ‘Collaborative Research beyond Discipline: Local Experience–Global Impacts’ শীর্ষক কর্মসূচিতে অংশ নেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকরা।
✓ গবেষণার বৈশ্বিক সংযোগ, জ্ঞান বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বিশ্ববিদ্যালয়ের জরুরি দাপ্তরিক কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “বর্তমান বিশ্বে গবেষণার ক্ষেত্র ক্রমেই বহুমাত্রিক ও আন্তঃবিভাগীয় হয়ে উঠছে। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষক ও গবেষকদের নতুন জ্ঞান, দক্ষতা ও গবেষণা-সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে। আমি আশা করি, আজকের কর্মসূচিতে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান অংশগ্রহণকারীদের একাডেমিক ও গবেষণা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল। তিনি গবেষণার গুণগত মান উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বহুমাত্রিক গবেষণা কার্যক্রমে শিক্ষকদের আরও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণের রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. বি. এম. আলিম আল ইসলাম। তিনি গবেষণায় আন্তঃবিভাগীয় সহযোগিতার গুরুত্ব, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক গড়ে তোলা এবং স্থানীয় অভিজ্ঞতাকে বৈশ্বিক পরিসরে উপস্থাপনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক মো. তানজিল হোসেন। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম।
এ সময় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহাসহ বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, গবেষণার ক্ষেত্রে বহুমুখী অংশীদারিত্ব, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা আরও শক্তিশালী করাই এ প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য।

