প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

‘আনন্দ ক্লাবঘর’খ্যাত মাদকের আসরে অভিযান, দেবীদ্বারে ৪ মাদকসেবীর কারাদণ্ড

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযান
এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ প্রতিবেদক :

কুমিল্লার দেবীদ্বারে দীর্ঘদিন ধরে মাদকসেবীদের আড্ডাখানা হিসেবে পরিচিত ‘আনন্দ ক্লাবঘর’খ্যাত একটি পরিত্যক্ত ঘরে (মাদকের আসরে) অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২১ জুন) সকালে উপজেলার ৯ নম্বর গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার গ্রামের কবির হোসেনের বাড়ির পাশে অবস্থিত ‘আনন্দ ক্লাবঘর’ নামে পরিচিত একটি পরিত্যক্ত ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের মূল তথ্য

দেবীদ্বারের গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার এলাকায় ‘আনন্দ ক্লাবঘর’ নামে পরিচিত একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে
৪ মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে
২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযানকালে আরও কয়েকজন মাদকসেবী পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানকালে মাদকসেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন মাদকসেবী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক ব্যক্তিরা হলেন—বাকসার গ্রামের কবির হোসেনের ছেলে মো. তামিম (২৩), উনঝুটি গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে জাহিদুল ইসলাম (৩৭), বাঙ্গুরি গ্রামের মৃত আমির খানের ছেলে মো. শাহীন খান (২৮) এবং দেবীদ্বার পৌর এলাকার ছোটআলমপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো. জালাল উদ্দিন পিন্টু (২৯)।

পরে তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়ল উদ্দিনের আদালতে হাজির করা হলে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(ক) উপধারা এবং ৩৬(৫) ধারায় প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রায় ঘোষণার পর রোববার বিকেলে দণ্ডপ্রাপ্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়ল উদ্দিন বলেন, “দেবীদ্বারে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শুধু মোবাইল কোর্ট পরিচালনা বা অভিযান চালিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সামাজিক সচেতনতা, পারিবারিক নজরদারি এবং রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তবে মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে।

প্রিন্ট করুন