প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে কারাগারে দেবীদ্বারের আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন সরকার

জসীম উদ্দিন সরকার
এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ প্রতিবেদক :

কুমিল্লার দেবীদ্বারে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জসীম উদ্দিন সরকার নামে এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে প্রেরন করা হয়েছে। তাকে আরো পৃথক দুটি মামলায় আদালতে আত্মসমর্পণ করতে হয়েছিল। তারপর তাকে কারাগারে পাঠানো হয়। তিনি দেবীদ্বারের আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

বিতর্কিত ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন সরকার সম্পর্কে আরো কিছু অজানা তথ্য
জানা যায়, রুবেল হত্যা ও আবু বকর হত্যা চেষ্টার মামলা ব্যতিত উল্লেখিত আসামী জসিম উদ্দিন সরকারের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় দেবীদ্বার সিআর-৩১৬/২১ ও সাংবাদিক বিল্লাল হত্যা চেষ্টার ঘটনায় দেবীদ্বার জিআর-১৪৫/২৪ মামলাসহ একাধিক মামলা আদালতে চলমান আছে।

ঘটনাটি ঘটে সোমবার (২২ জুন) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে হাজির হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার ১০ নম্বর এজাহারনামীয় এবং আবুবকর হত্যাচেষ্টা মামলার ৭২ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে তিনি জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা শরীফ নিশাত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলার আসামি মো. জসীম উদ্দিন সরকার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের মৃত মোহাম্মদ আলী সরকারের ছেলে।

তিনি রাজামেহার ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য এবং একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

সোমবার আদালতে হাজির হয়ে তিনি ওই হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জামিনের আবেদন করে আত্মসমর্পণ করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা মামলার আসামি আদালতে আত্মসমর্পণ করার বিষয়টি তার জানা নেই। তিনি আদালতে খোঁজ নিয়ে পরে জানাবেন।

প্রিন্ট করুন