প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

জামালপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

জামালপুর মাদকবিরোধী দিবস
ফজলে এলাহী মাকাম, জামালপুর :

র‍্যালি, আলোচনা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ভবিষ্যৎ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

                  হাইলাইটস

  • ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে দিবস পালন।
  • জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা।
  • প্রধান অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
  • রঙিন বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
  • মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানান বক্তারা।

সকালে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালির উদ্বোধনকালে শান্তি, সম্প্রীতি ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যাশায় রঙিন বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়।

র‍্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসনের সদস্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ, বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব।

আয়োজকরা জানান, মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে এবং তরুণদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য সমাজের সর্বস্তরের মানুষকে মাদকবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা কর্মসূচিও আয়োজন করা হয়।

প্রিন্ট করুন