পরিবারের অভিযোগ—মারধর ও জোরপূর্বক বিষপানে মৃত্যু; তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়ার কথা পুলিশের
লক্ষ্মীপুরের রামগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বামীর নির্যাতনের মারা যায় সামিয়া আক্তার নিশু (৩০) নামে তিন সন্তানের জননী এমন অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে মরদেহ রেখে স্বামী হাফেজ মোল্লা পালিয়ে যান।
হাইলাইটস
- রামগঞ্জে গৃহবধূ সামিয়া আক্তার নিশুর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য
- পরিবারের অভিযোগ—স্বামীর নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
- মৃত্যুর পর হাসপাতালের মর্গে লাশ রেখে পালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে
- ঘটনার আগে থানায় লিখিত অভিযোগ করেছিলেন নিহতের বাবা
- পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় পুলিশ, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস
নিহত সামিয়া আক্তার নিশু রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের জয়নকের বাড়ির দেলোয়ার হোসেনের মেয়ে। অভিযুক্ত হাফেজ মোল্লা একই ইউনিয়নের উত্তরগ্রাম মাইজের বাড়ির সিরাজ মোল্লার ছেলে।
নিহতের মা কুসুম বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়ের ওপর স্বামী নিয়মিত শারীরিক নির্যাতন চালাতেন। গত ১৬ জুন মারধরের পর প্রথমে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ২৪ জুন চিকিৎসাধীন অবস্থায় সামিয়া আক্তার নিশুর মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃত্যুর পর হাসপাতালের মর্গে মরদেহ রেখে হাফেজ মোল্লা পালিয়ে যান। পরে অজ্ঞাত এক ব্যক্তির ফোন পেয়ে পরিবারের সদস্যরা ঢাকায় গিয়ে পুলিশের সহযোগিতায় মরদেহ গ্রহণ করেন। শুক্রবার (২৬ জুন) বাবার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অভিযুক্তের ভাই আল-আমিন বলেন, অপরাধী যে-ই হোক, তার বিচার হওয়া উচিত। তিনি দাবি করেন, তার ভাইয়ের স্ত্রী নির্যাতনের শিকার হয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
নিহতের বোন সুমাইয়া আক্তার অভিযোগ করেন, তার বোনকে নির্যাতনের পাশাপাশি জোরপূর্বক বিষপান করিয়ে হত্যা করা হয়েছে। পরে মরদেহ হাসপাতালে রেখে অভিযুক্ত স্বামী পালিয়ে যান। তিনি এ ঘটনার বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এর আগে গত ১৬ জুন নিহতের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্ত হাফেজ মোল্লার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঢাকা মহানগর পুলিশের শেরেবাংলা নগর থানার মাধ্যমে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, সামিয়া আক্তার নিশুর মৃত্যু বিষপানের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় হয়েছে। বিষয়টির পূর্ণাঙ্গ পোস্টমর্টেম রিপোর্ট চেয়ে সংশ্লিষ্ট থানায় চিঠি পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

মো. শাহআলম, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :