পুলিশের অভিযানে উদ্ধার ৩০ পিস ইয়াবা, এক সহযোগী পলাতক
পুলিশের অভিযানে কুমিল্লার দেবীদ্বারে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করার সময় তাদের আরেক সহযোগী পালিয়ে যায়। আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধামতী গ্রামের পশ্চিমপাড়া এলাকায় সাদত আলী মেম্বারের বাড়ির পাশের নজরুলের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন ক্রেতার কাছে ইয়াবা বিক্রির সময় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। তবে তাদের আরেক সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
হাইলাইটস
- দেবীদ্বারে পুলিশের অভিযানে দুই মাদক কারবারি আটক
- আটকদের কাছ থেকে উদ্ধার ৩০ পিস ইয়াবা
- অভিযানের সময় এক সহযোগী পালিয়ে যায়
- আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
- পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত
আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন, ধামতী গ্রামের সাদত আলী মেম্বারের বাড়ির সফিকুল ইসলামের ছেলে মো. সবুজ (২২) এবং খানমন্দের বাড়ির মো. সফিকুল ইসলামের ছেলে মো. ডালিম (৩২)।
শনিবার (২৭ জুন) দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে প্রতিদিনই মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে আমরা মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কারণ, মাদকের সরবরাহ বন্ধ করা গেলে সেবনও অনেকাংশে কমে আসবে। গত রাতে দুই মাদক কারবারিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ প্রতিবেদক :