প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

বিদেশ থেকে ফিরেই বিমানবন্দরে আটক দেবীদ্বারের সাবেক কমিশনার বাছির, হত্যা মামলার এজাহারভুক্ত আসামি

দেবীদ্বার বাছির উদ্দিন আটক
এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ প্রতিবেদক :

দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরতেই পুলিশের জালে স্বেচ্ছাসেবক লীগ নেতা

দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর বিদেশ থেকে ফিরেই শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হলো না দেবীদ্বার পৌরসভার সাবেক কমিশনার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. বাছির উদ্দিনের (৪০)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে ঢাকায় বিমানবন্দর থেকেই আটক করেছে পুলিশ।

   হাইলাইটস

  • আরব আমিরাত থেকে দেশে ফিরেই বিমানবন্দরে আটক।
  • দেবীদ্বারের সাবেক কমিশনার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির উদ্দিন গ্রেপ্তার।
  • রুবেল হত্যা, সাব্বির হত্যা ও আবু বক্কর হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।
  • রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে পুলিশ।
  • পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে দেবীদ্বার থানা পুলিশ।

রোববার (২৮ জুন) সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

আটক মো. বাছির উদ্দিন কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার চাঁপানগর গ্রামের মো. আবুল হোসেন মোল্লার ছেলে। তিনি দেবীদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার এবং স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতা ছিলেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক সহিংস ঘটনার মামলায় বাছির উদ্দিন এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করার পর তিনি দেশে ফিরলে বিমানবন্দরেই তাকে আটক করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের বারেরা ফুলগাছতলা এলাকায় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আব্দুর রহমান রুবেল নিহত হন।

একই সময় কলেজ রোড এলাকায় স্কুলছাত্র সাব্বিরের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনাতেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়া আবু বক্কর হত্যা চেষ্টা মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মো. বাছির উদ্দিন রুবেল হত্যা, সাব্বির হত্যা এবং আবু বক্কর হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট করুন