

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় পুলিশের অভিযানে অবৈধভাবে দেশে আনা ১৯টি ভারতীয় গরু, দুটি পিকআপ ভ্যান এবং চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম-এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। জোরারগঞ্জ থানার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার সংলগ্ন গামারী বাগান এলাকায় অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে দুটি পিকআপ ভ্যানে পরিবহনকালে ১৯টি ভারতীয় গরু জব্দ করা হয়।
অভিযান চলাকালে গরু পরিবহনের সঙ্গে জড়িত অভিযোগে আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), মো. আরিফ (২৭) ও রাসেল প্রকাশ আলম (৩৫)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই পথে অবৈধভাবে ভারতীয় গরু পরিবহনের তথ্য পাওয়া যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি পিকআপে করে গরু পরিবহনের সময় সেগুলো জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় গরুসহ চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা গরু ও ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।