
ঝালকাঠির আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-কে নাটোর জেলা থেকে গ্রেপ্তার করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ। গ্রেপ্তারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) সকালে ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে নাটোর জেলা থেকে মিম বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝালকাঠি সদর উপজেলার কুনিহারী গ্রামে সংঘটিত আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার অন্যতম আসামি।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৩ নভেম্বর বিকেলে নাইম তালুকদারকে অসুস্থ অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে সময় পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, খালের ঘাটে গিয়ে পানিতে পড়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
তবে পরবর্তীতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিহতের চাচা মো. সোহেল হোসেন তালুকদার ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, পারিবারিক বিরোধ এবং ফুফা শ্বশুরের সঙ্গে মিম বেগমের কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে পরিকল্পিতভাবে নাইম তালুকদারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে প্রচারের উদ্দেশ্যে মরদেহ পানিতে ফেলে দেওয়া হয়েছিল বলেও মামলায় উল্লেখ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মিম বেগমকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

