প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ জুলাই ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মুরাদনগরের নতুন উপজেলার নাম ‘নজরুল নগর’ করার দাবি

নজরুল নগর উপজেলা
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, সম্পাদক :

নিকারের ১২১তম সভার আগে আবেদন জানালেন সম্পাদক শরিফুল আলম চৌধুরী

কুমিল্লার মুরাদনগরের নতুন উপজেলার নাম ‘বাঙ্গরা’ না রেখে ‘নজরুল নগর’ করার দাবি জানিয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

বাঙ্গরা নয় ‘নজরুল নগর’ নামে নামকরনের প্রস্তাব

কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে প্রস্তাবিত নতুন উপজেলার নাম ‘বাঙ্গরা’ পরিবর্তে ‘নজরুল নগর’ করার দাবি জানিয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনকারী দাবি করেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত দৌলতপুর এলাকার ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নতুন উপজেলার নাম ‘নজরুল নগর’ রাখলে তা ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় মর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আবেদনটি করেছেন দৈনিক আজকের কথা-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী। তিনি মুরাদনগর ও বাঙ্গরা অঞ্চলের সর্বস্তরের সচেতন নাগরিকদের পক্ষে এ আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, আগামী ১ জুলাই ২০২৬ অনুষ্ঠিতব্য নিকারের ১২১তম সভার আলোচ্যসূচিতে কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নতুন উপজেলার নাম ‘নজরুল নগর’ করার প্রস্তাব দেওয়া হয়।

আবেদনে বলা হয়, প্রস্তাবিত উপজেলার অন্তর্ভুক্ত বাঙ্গরা থানার দৌলতপুর এলাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান। এখানেই কবির বিয়ে এবং শ্বশুরবাড়ির স্মৃতি জড়িয়ে রয়েছে।

ফলে জাতীয় কবির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নতুন উপজেলার নাম ‘নজরুল নগর’ রাখা হলে তা ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করবে।

আবেদনে নাম পরিবর্তনের পক্ষে কয়েকটি যুক্তিও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি রাষ্ট্রীয় সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন।

বর্তমান মুরাদনগর উপজেলার নামের সঙ্গে ‘নগর’ শব্দের ধারাবাহিকতা বজায় রাখা।

জাতীয় কবির নামে নামকরণ হলে স্থানীয় বা জাতীয় পর্যায়ে রাজনৈতিক কিংবা আঞ্চলিক মতবিরোধের সম্ভাবনা কম থাকবে এবং বিষয়টি সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে।

আবেদনে আরও বলা হয়, ‘নজরুল নগর’ নামটি শুধু একটি প্রশাসনিক নাম নয়; এটি জাতীয় ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে নতুন উপজেলার পরিচয়কে যুক্ত করবে। একই সঙ্গে ভবিষ্যতে এ অঞ্চলে সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক পর্যটনের সম্ভাবনাও সৃষ্টি হবে বলে আবেদনকারী মনে করেন।

এ কারণে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির কাছে প্রস্তাবিত নতুন উপজেলার নাম ‘বাঙ্গরা’ পরিবর্তন করে ‘নজরুল নগর’ অনুমোদনের জন্য আবেদনপত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

প্রতিবেদনের গুরুত্বপূর্ণ সার সংক্ষেপ

  • নতুন উপজেলার নাম ‘নজরুল নগর’ রাখার দাবি জানিয়ে নিকারের কাছে আবেদন করা হয়েছে।
  • আবেদনটি করেছেন দৈনিক আজকের কথা-এর সম্পাদক মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী।
  • দৌলতপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঐতিহাসিক স্মৃতিকে নামকরণের প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।
  • ‘নগর’ শব্দ ব্যবহারের মাধ্যমে মুরাদনগরের নামের ধারাবাহিকতা বজায় রাখার যুক্তি তুলে ধরা হয়েছে।
  • জাতীয় কবির নামে নামকরণ করলে সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রিন্ট করুন