
সবুজে ভবিষ্যতের প্রত্যয়
পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে বগুড়ার টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও সাংস্কৃতিক বিকাশে উদ্বুদ্ধ করতে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার (৪ জুলাই) বিকেলে বগুড়া শহরতলীর বাঘোপাড়া এলাকায় টিএমএসএস মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এমন উদ্যোগ শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্স আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
বক্তারা শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি, দেশপ্রেমের চর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সবুজায়ন ও মানবিক মূল্যবোধের সমন্বয়েই গড়ে উঠতে পারে একটি সুন্দর ও টেকসই সমাজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আসাদ সিদ্দিক রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক রিহাদ হোসেন, বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাব্বির, বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেদওয়ানুল ইসলাম আকিব, সদস্য সচিব কাউসার হাবিব সাকিবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

