
নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা।
নিহতরা হলো খিদিরপুর এলাকার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তার ফুপাতো বোন তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং তাদের খালা ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুফাচ্ছের ওরফে শুক্কুর আলীর মেয়ে সুমাইয়া আক্তার (১৩)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় তিন শিশু। দীর্ঘ সময় ধরে তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বাড়ির এক শিশু বিষয়টি জানালে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তাদের উদ্ধার করেন।
উদ্ধারের পর দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ততক্ষণে তিন শিশুরই মৃত্যু হয়।
ওসি মো. জাহাঙ্গীর বাদশা জানান, নিহতদের মধ্যে দুইজন স্থানীয় একটি কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং অপরজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই পরিবারের তিন শিশুর এমন করুণ মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরাও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

