
সাংবাদিকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত
উন্নত, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রোববার (৫ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সংবাদের হাইলাইটস
চুক্তির আওতায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও কর্মচারীরা পার্কভিউ হসপিটাল লিমিটেডের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং সমন্বিত স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধার মাধ্যমে গ্রহণ করতে পারবেন। এর ফলে সাংবাদিকদের জন্য মানসম্মত চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সহ-সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ-এর ব্যুরো প্রধান মুস্তফা নঈম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, কার্যনির্বাহী সদস্য আরিফ আহমেদ শাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আব্দুল্লাহ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. এনাম, যুগান্তর-এর আহমেদ মুসা, টাইম অব বাংলাদেশ-এর জাহেদ তালুকদার, রূপালী বাংলাদেশ-এর প্রতিনিধি, ATN Bangla-এর আবুল হাসনাত, ৭১ টিভি-এর সাইফুল ইসলাম শিল্পী, দৈনিক ইনকিলাব-এর রকিবুল ইসলাম সেলিম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পার্কভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম, জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) তালুকদার জিয়াউর রহমান শরীফ, ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) মোহাম্মদ হুমায়ুন কবীর, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড) মো. জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেজাম উদ্দিন এবং কর্পোরেট অফিসার হেলাল পারভেজ।
বক্তারা বলেন, এই সমঝোতা স্মারক পার্কভিউ হসপিটাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এর মাধ্যমে সাংবাদিকরা সহজে উন্নত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমে দুই প্রতিষ্ঠানের যৌথ সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

