প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

দেবীদ্বারের শহীদ নায়েক আবু তাহেরের স্মৃতির প্রতি রাষ্ট্রীয় সম্মান, পিজিআর অনুষ্ঠানে স্ত্রীকে বিশেষ আমন্ত্রণ

পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে কেক কাটছেন শহীদ নায়েক আবু তাহেরের স্ত্রী রওশন আরা আক্তার এবং ইনসেটে শহীদ নায়েক আবু তাহেরের ছবি।
এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ, স্মরণ করা হলো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ গার্ড সদস্যকে

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অংশ নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা বীর মুক্তিযোদ্ধা শহীদ নায়েক আবু তাহেরের স্ত্রী রওশন আরা আক্তার। অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার আনুষ্ঠানিকতায় অংশ নেন।

সংবাদের হাইলাইটস

দেবীদ্বারের শহীদ নায়েক আবু তাহেরের পরিবারকে রাষ্ট্রীয় সম্মান
পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর সঙ্গে কেক কাটলেন রওশন আরা
১৯৮১ সালে রাষ্ট্রপতিকে রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গ করেছিলেন শহীদ নায়েক আবু তাহের
বীর মুক্তিযোদ্ধা শহীদ নায়েকের অবদানের স্বীকৃতিতে পরিবারের প্রতি বিশেষ সম্মান

রোববার (৫ জুলাই) ঢাকায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) সদর দপ্তরে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি তিন বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং পিজিআরের কমান্ড পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিকুল আলমসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে আততায়ীদের হামলার সময় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্য নায়েক আবু তাহের। তাঁর সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ প্রতি বছর পিজিআরের বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাঁর পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়।

শহীদ নায়েক মো. আবু তাহের ১৯৫২ সালের ২৫ জানুয়ারি কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন সাদির বক্স। ১৯৭০ সালের ১ জুলাই তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেক্টর-২-এর অধীনে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে যোগ দিয়ে রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম সার্কিট হাউসের সেই হামলায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তিনিও শহীদ হন। প্রথমে তাঁকে রাঙ্গুনিয়ায় দাফন করা হলেও পরে পরিবারের উদ্যোগে তাঁর মরদেহ নিজ গ্রাম কুমিল্লার দেবীদ্বারের বারেরায় এনে পুনরায় দাফন করা হয়।

শহীদ নায়েক আবু তাহেরের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। বড় ছেলে মো. সেলিম রসুলী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় (এনএসআই) ডেপুটি ডিরেক্টর এবং ছোট ছেলে মো. মাসুম রসুলী একই সংস্থায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত। মেয়ে সেলিনা আক্তার গৃহিণী।

প্রিন্ট করুন